সর্বশেষ

জাতীয়

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৪% করল বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। বিনিয়োগে স্থবিরতা, রপ্তানি আয়ের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংক বলেছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ অক্টোবর সংস্করণ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘মেক সাবসিডিজ অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ওয়ার্ক বেটার ফর দ্য পুওর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিনিয়োগে মন্থরগতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির গতিও কমে গেছে। মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমছে। পাশাপাশি ব্যবসা পরিচালনার ব্যয়ও বেড়ে যাচ্ছে। এসব কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

বিশ্বব্যাংকের এবারের পূর্বাভাস করোনাভাইরাস মহামারির সময়ের প্রবৃদ্ধির চেয়েও কম। ২০১৯-২০ অর্থবছরে মহামারির ধাক্কায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৫ শতাংশে নেমে এসেছিল, যা এ যাবৎকালের সর্বনিম্ন।

এর আগে গত ১৬ জুন প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের ধাক্কায় ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে। তারও আগে গত ১৪ জানুয়ারির প্রতিবেদনে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। এই লক্ষ্যমাত্রা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বশেষ পূর্বাভাসের চেয়ে ৩ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট বেশি।

গত ১০ জুন বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় বাংলাদেশের অর্থনীতি ৪ দশমিক ১৪ শতাংশ হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাস পার হলেও এখনো ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি এডিবি।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। পরে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনে। শেষ পর্যন্ত ওই অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয় ৩ দশমিক ৪৯ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের অর্জনের অন্যতম খাত হিসেবে জিডিপি প্রবৃদ্ধিকে বরাবরই তুলে ধরেছে।

২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৭৪ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে তা প্রথমবারের মতো ৮ শতাংশ ছাড়িয়ে যায়। পরে সংশোধিত হিসাবে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮৮ শতাংশে নেমে আসে। বাংলাদেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি।

এর পরের বছর করোনাভাইরাস মহামারির প্রভাবে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৫ শতাংশে দাঁড়ায়। ২০২০-২১ অর্থবছরে তা আবার বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশে ওঠে। পরের অর্থবছরে ৭ শতাংশ ছাড়ালেও ২০২২-২৩ অর্থবছরে তা আবার কমে ৫ দশমিক ৭৮ শতাংশে নেমে আসে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০