জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের ভারতীয় চেষ্টা ব্যর্থ করল বিজিবি
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সীমান্তে তিন যুবককে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করার পর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও কোনো চূড়ান্ত সমাধান মেলেনি।
সীমান্তবর্তী সূত্র জানায়, জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন যুবককে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী বিজিবি কড়িয়া ক্যাম্পকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে সতর্ক অবস্থান নেয়।
বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে বিএসএফ তাদের পুশ-ইন প্রচেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং ওই তিন যুবককে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৬ নম্বর প্রধান পিলারের কাছাকাছি এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজ নিজ সীমানায় অবস্থান নেন।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে বেলা ১১টার দিকে বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প এবং বিজিবির ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে একটি জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকায় অনুষ্ঠিত ১ ঘণ্টাব্যাপী এ বৈঠকে কোনো সুনির্দিষ্ট সমাধান সম্ভব হয়নি।
১৪ বিজিবির অধীনস্থ কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের অন্যায় অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করা হয়েছে। প্রথম দফার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায়, উদ্ভূত সমস্যা সমাধানে পরবর্তীতে পুনরায় পতাকা বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে