সর্বশেষ

সারাদেশ

২০২৭ সালের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই: শিক্ষামন্ত্রী

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৭ সালের শিক্ষাক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিবিষয়ক চারটি নতুন বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ২০২৮ সালে শিক্ষাক্রমের যেসব জায়গায় পরিবর্তন প্রয়োজন, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষাক্রমের নতুন বই সম্পর্কে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের শিক্ষাক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ চারটি নতুন বই যুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সালে শিক্ষাক্রমের যেসব ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

চলমান ভর্তি বিড়ম্বনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আসন সংখ্যার তুলনায় ভর্তির যোগ্য প্রার্থীর সংখ্যা অনেক কম। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যারা প্রথমে আবেদন করেছিলেন, তাঁদের ভর্তি শেষ হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ কারণেই ভর্তি নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে।

কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীকে নিয়েও পাঠ্যবইয়ে লেখা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে কাজ চলছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্যের সংকট একটি বৈশ্বিক বিষয়। জনগণের ওপর যতটুকু চাপ পড়ছে, তা প্রশমন করে সরকারি সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করবে।

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে মাহদী আমিন বলেন, কুমিল্লার স্বার্থে ইতিবাচকভাবে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী।

এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০