জালাল শেখ মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি নির্বাচিত
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়া শাখা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের মোহাম্মদ জালাল শেখ। দীর্ঘদিন ধরে প্রবাসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকার স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রবাসী রাজনীতিতে পরিচিত মুখ মোহাম্মদ জালাল শেখ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার সদর থানার ৬ নম্বর মাচ্চর ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
মোহাম্মদ জালাল শেখ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে আসছেন।
প্রবাসজীবনের শুরুতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সিনিয়র সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন।
লেখাটিতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে দেশে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নির্যাতনের মুখে পড়লে মোহাম্মদ জালাল শেখও হামলা ও নির্যাতনের শিকার হন। নিজ বাড়িতে রাজনৈতিক প্রতিপক্ষের হামলা ও শারীরিক নির্যাতনের পর জীবনের নিরাপত্তার জন্য একপর্যায়ে তিনি পুনরায় মালয়েশিয়ায় পাড়ি জমান। তবে প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা অব্যাহত ছিল।
মাঝে বাংলাদেশে অবস্থানকালে তার রাজনৈতিক ত্যাগ ও অবদান বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তাকে ফরিদপুর মহানগর কৃষক দলের সামাজিক যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করেন। ওই দায়িত্বও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন।
দীর্ঘদিন দলীয় নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে প্রবাসে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সম্প্রতি তাকে জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করা হয়েছে।
তার এ অর্জনে ফরিদপুর সদর থানার ৬ নম্বর মাচ্চর ইউনিয়নসহ ফরিদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মালয়েশিয়াপ্রবাসী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ প্রবাসীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ জালাল শেখ বলেন, ‘দল আমার দীর্ঘদিনের ত্যাগ ও কষ্টের মূল্যায়ন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে বিএনপি ও যুবদলের হাতকে শক্তিশালী করতে প্রবাসের মাটিতে আমি আগের মতোই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব।’
৩৩৭ বার পড়া হয়েছে