বনের গাছ কেটে বিট কার্যালয়ে জ্বালানি ব্যবহারের অভিযোগ
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলায় টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নলবুনিয়া বিট কার্যালয়ে জ্বালানি হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা মো. শাওনের বিরুদ্ধে। বন রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।
নলবুনিয়া বিট কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্ভুক্ত নিশানবাড়িয়া ইউনিয়নের পার্শ্ববর্তী পর্যটনকেন্দ্র ‘শুভ সন্ধ্যা’ সমুদ্রসৈকত এলাকার বন থেকে কাটা গাছ বিট কর্মকর্তার কার্যালয়ে স্তূপ করে রাখা হয়েছে। এসব কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে বলে অভিযোগ।
বিট কার্যালয়ের রান্নাঘরে ওই কাঠ চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না করতেও দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন রক্ষার দায়িত্ব যাঁদের ওপর দেওয়া হয়েছে, তাঁদের হাতেই যদি এভাবে নিয়মিত গাছ কাটা হয়, তাহলে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের মুখে পড়বে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরাও।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, সরকার সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। অথচ বন বিভাগই উল্টো বনের মূল্যবান গাছ জ্বালানি কাঠ হিসেবে চুলায় পোড়াচ্ছে। বন সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেন, তাহলে বন ও পরিবেশ রক্ষা সম্ভব নয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বনের গাছ জ্বালানি হিসেবে ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। উল্টো সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বরগুনা কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঞা বলেন, অভিযোগের ভিত্তিতে গাছগুলো দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০৭ বার পড়া হয়েছে