হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১০৭ বার পড়া হয়েছে