মিরপুরে লিফট ছিঁড়ে আহত দুই বাসিন্দা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের একটি ভবনে লিফটের সব কটি তার ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার ঘটনায় এক শিশুসহ দুই বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ফজরের নামাজের পর ভবনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ফজরের নামাজ শেষে পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের পশ্চিম গেটসংলগ্ন ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনের লিফটে ওঠেন ওই দুই বাসিন্দা। এ সময় হঠাৎ লিফটের সব কটি তার ছিঁড়ে বিকট শব্দে সেটি নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় ভবনের এক শিশুসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আহত দুজনের মধ্যে একজনের পায়ের মাংসপেশি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের রক্তও দেওয়া হয়েছে।
নিটোরের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দুজনের আঘাতই গুরুতর। তাদের পায়ের অবস্থা নিয়ে চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। আঘাতের কারণে দীর্ঘমেয়াদে চলাফেরায় জটিলতা দেখা দিতে পারে বলেও জানিয়েছেন তারা।
এদিকে দুর্ঘটনার পর সরকারি আবাসন প্রকল্পের পুরোনো ও ঝুঁকিপূর্ণ লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনার কারণ ও লিফটটির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
১১৮ বার পড়া হয়েছে