বায়ালমারীতে মেয়েকে ছাড়িয়ে এনে দুধে গোসল মায়ের
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করিয়েছেন এক মা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই নারীর নাম জুলেখা বেগম। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী। তাঁর মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে ১৪ বছর আগে সুমন শেখ (৩২) নামের এক ব্যক্তির বিয়ে হয়।
জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে মনিরাকে নির্যাতন করতেন সুমন শেখ। তিনি নেশাগ্রস্ত হয়ে নিয়মিত মেয়েকে মারধর করতেন। কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে ছাড়িয়ে আনা হয়। এরপর শুক্রবার সকালে দুধ দিয়ে গোসল করিয়ে তিনি তাঁর ওয়াদা রক্ষা করেছেন।
মনিরা খাতুনের বাবা মহশিন মোল্লা বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। সুমন নেশা করতেন বলেও তিনি দাবি করেন। মেয়ের ওপর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে তাঁর স্ত্রী মেয়েকে দুধ দিয়ে গোসল করান।
তবে নেশাগ্রস্ত হয়ে মারধরের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সুমন শেখ।
১০৭ বার পড়া হয়েছে