মুন্সীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন বক্তারা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের আহ্বান জানানো হয়।
আজ (শুক্রবার) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতির রূপরেখা তুলে ধরে বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করতে হলে উৎপাদন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এর জন্য উদ্ভাবনী চিন্তাভাবনার প্রসার, আধুনিক প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরি অত্যন্ত জরুরি। সম্পদের সর্বোচ্চ অপচয় রোধ করে একটি স্বনির্ভর ও উৎপাদনশীল মুন্সীগঞ্জ জেলা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কৃষি, শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), মৎস্য ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও গতিশীল করতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, প্রতিটি খাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারলে সামগ্রিক জাতীয় উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকারি কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণগুলোকে তৃণমূল মানুষের কাছে সহজলভ্য করতে হবে। বর্তমান বৈশ্বিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) কারিকুলাম আধুনিকায়নের তাগিদ দেন তিনি। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই শিল্পায়নের স্বার্থে কারখানাগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক।
১২১ বার পড়া হয়েছে