কুড়িগ্রামে কাশফুলের ক্ষেতে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক তরুণীকে কাশফুলের ক্ষেতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। একই সাথে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ওই তরুণীকে ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে নির্জন কাশফুল ক্ষেতে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে পালাক্রমে নির্যাতন চালানো হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া। নির্যাতনের পর ভুক্তভোগীর নগদ টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে বাড়ি ফেরার অর্থ না থাকায় অভিযুক্তদের কাছে টাকা চাইতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১০৯ বার পড়া হয়েছে