ক্যালিফোর্নিয়ায় দুই ঈদ সরকারি ছুটির স্বীকৃতি
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় স্থান পেয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউসম অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার এই আইনের ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনুষ্ঠানিক সরকারি ছুটির স্বীকৃতি পেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পর ক্যালিফোর্নিয়া হলো দ্বিতীয় অঙ্গরাজ্য, যেখানে দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে।
নতুন আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার সরকারি চাকরিজীবী ও বিদ্যালয়ের শিক্ষকরা ঈদের দিনে ছুটি নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি অঙ্গরাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি কলেজগুলো স্থানীয়ভাবে আলোচনা করে ঈদের দিনে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে।
চলতি বছরের মার্চে সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ: ঈদ’ শিরোনামে বিলটি উত্থাপন করেন। বিলটি আইনে পরিণত হওয়ার পর তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মুসলিম সম্প্রদায়ের বসবাস। কাজ ও পড়াশোনার কারণে এত দিন অনেকের পক্ষে ঈদ যথাযথভাবে উদযাপন করা সম্ভব হতো না।
ম্যাট হ্যানির ভাষ্য, এই স্বীকৃতির মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় মুসলিমদের সংস্কৃতির প্রতি সম্মান জানানো হয়েছে।
‘ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স’-এর চেয়ারম্যান জেসন পাগুইওও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, দুই ঈদের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নতুন আইন সরকারি সংস্থাগুলোকে মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করবে।
এর আগে গত বছর ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির স্বীকৃতি দেয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ক্যালিফোর্নিয়া।
১৩১ বার পড়া হয়েছে