ফরিদপুরে সন্তানকে ফাঁস দেয়ার চেষ্টার ভিডিও: ভাল আছে শিশুরা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে নিজের দুই শিশুসন্তানের একজনকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছেন এক নারী। এ ঘটনার ভিডিও ধারণ করে স্বামীর কাছে পাঠান তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। এ ঘটনায় শিশুদের ফুপু রনি বেগম হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলার পর শিশুদের মা বিথি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে। ঘটনার পর নিরাপত্তার কারণে দুই শিশু আবীর (৯) ও তাবিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীকে তাঁর শিশুকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু করা হয়।
পরে শিশুদের ফুপু রনি বেগম নগরকান্দা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুদের মা বিথি আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিথি আক্তার পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী আব্বাস আলী প্রায় সাত বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন। তিনি দেশে ফিরছেন না। স্বামীর দৃষ্টি আকর্ষণ এবং তাঁর প্রতি ক্ষোভ থেকে সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে সেই ঘটনার ভিডিও ধারণ করেন বিথি আক্তার। পরে ভিডিওটি স্বামীর কাছে পাঠান তিনি।
ঘটনার পর শিশু দুটিকে নিরাপত্তার কারণে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৮ বার পড়া হয়েছে