সর্বশেষ

জাতীয়

এমপি ফেরদৌসীর পদত্যাগে আসন শূন্য ঘোষণা, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন (সংরক্ষিত মহিলা আসন-২৩) শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সাক্ষাৎ শেষে তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ফেরদৌসী আহমেদ বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’ পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘তদন্ত হোক।’ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

এদিকে জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির সংসদীয় আসন (সংরক্ষিত মহিলা আসন-২৩) শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। সংবিধান অনুযায়ী, সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হয়। এবার বিএনপির মনোনয়নে ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। এরপর ৩ মে তাঁরা শপথ নেন। সে হিসাবে প্রায় পাঁচ মাসের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তাঁকে জানিয়ে দেওয়া হয়।

বিএনপি ও সরকারের সূত্রগুলোর ভাষ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী গত দুই দিন ধরে ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। হামলা ও ভাঙচুরে কারা জড়িত ছিলেন, তাঁদের রাজনৈতিক পরিচয় এবং এর নেপথ্যে কারা ভূমিকা রেখেছেন—এসব বিষয়ে তথ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তদন্তে ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০