জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবীণদের অধিকার রক্ষা ও কল্যাণে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে শহরের পুলিশ সুপার কার্যালয়ের মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিত্ব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরবর্তী সময়ে জেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ,কে মনিরুল জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, নাটোর চিনিকলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন ও সিনিয়র সিটিজেন মহফিল হোসেন। বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার আহ্বান জানান।
১২০ বার পড়া হয়েছে