সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে টেঙ্গর মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। চরাঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সহিংসতা ঘটে। নিহত টেঙ্গর মন্ডল ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে এবং স্থানীয় মাদক ব্যবসায়ী পটল মণ্ডলের ছোট ভাই বলে জানা গেছে।

সীমান্তবর্তী এই চরাঞ্চল দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা মাদকের চালান নিয়ন্ত্রণ এবং এর লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য আজাহার মেম্বারের সঙ্গে পটল মণ্ডলের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত কয়েক দিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা, বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে গুরুতর আহত হন পটল গ্রুপের প্রধানের ভাই টেঙ্গর মণ্ডল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের আরও অন্তত সাতজন মারাত্মকভাবে জখম হয়েছেন। আহতদের মধ্যে সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), Azad মণ্ডল (৬০) ও রাজু মণ্ডলকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরেই এই হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সীমান্তসংলগ্ন দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০