ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অনুষ্ঠানস্থলে প্রকল্পটির ফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।
কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর ভাই কাজী শাহ্ আরেফীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। নিমসার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হন।
এদিকে কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অবস্থান করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু, দক্ষিণ জেলা বিএনপির সেক্রেটারি ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতি রয়েছে। এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।
১২২ বার পড়া হয়েছে