আদালত থেকে পালানো মাদক মামলার আসামি তিন ঘণ্টা পর গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা আদালত থেকে পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার আসামি শফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবার গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্বর থেকে পালানোর পর বিকেল চারটার দিকে সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
শফিকুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং আরেকটি বিচারাধীন মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি শফিকুল ইসলামকে তাঁর বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার। পরে তিনি বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর-২১/২৩ নম্বর মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক তাজুল ইসলাম শফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৫ সাল থেকে তিনি পলাতক ছিলেন। মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
আদালত সূত্র আরও জানায়, শফিকুল পাটকেলঘাটা থানার জিআর-১৫৬/২২ নম্বর মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৫ সালে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত পলাতক অবস্থায় তাঁকে দুই বছরের সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পাটকেলঘাটা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাঁকে আদালতে হাজির করার জন্য সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তৃতীয় তলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাঁর থানার একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং আরেকটি বিচারাধীন মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শফিকুল। বুধবার তাঁকে আদালতে নেওয়ার পর তিনি আদালত চত্বর থেকে পালিয়ে যান। পরে পাটকেলঘাটার দিকে দ্রুত যাওয়ার সময় শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, থানা থেকে আদালতে আনার পথে দুপুর দুইটার দিকে শফিকুল পালিয়ে যান। পরে বিকেল চারটার দিকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে