মাদারীপুরে হিমাগারেই পঁচে গেল ৩০ হাজার মণ আলু
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘মাদারীপুর কোল্ড স্টোরেজে’ পর্যাপ্ত বাজারমূল্য না পেয়ে দীর্ঘ সময় আলু ফেলে রাখায় প্রায় ৩০ হাজার মণ আলু পঁচে গেছে। আনুমানিক ৩ কোটি টাকার এই বিপুল পরিমাণ কৃষিপণ্য নষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পাঁচ দিনের সময় দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
স্থানীয় সূত্র ও ব্যবসায়ীদের তথ্যমতে, মাদারীপুর কোল্ড স্টোরেজের মালিক মীর হাবিবুর রহমান অধিক লাভের প্রত্যাশায় ২০২৫ সালের মার্চ মাসে প্রায় ১৫ থেকে ২০ হাজার বস্তা আলু হিমাগারে জমা রেখেছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় সেগুলো সময়মতো বিক্রি করা হয়নি। ফলে হিমাগারের ভেতরেই আলুগুলো সম্পূর্ণরূপে পঁচে নষ্ট হয়ে যায় এবং তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
হিমাগার ব্যবস্থাপক আব্দুল করিম জানান, দীর্ঘদিন আলু অবিক্রিত অবস্থায় স্টোরেজে থাকায় ভেতরের তাপমাত্রা নষ্ট হয়ে এই বিপত্তি ঘটেছে। পঁচে যাওয়া আলুগুলো যেন লোকালয়ের পরিবেশ দূষিত না করে, সেজন্য তা বিনামূল্যে স্থানীয় গবাদি পশুর খামারি ও কৃষকদের মাঝে পশুখাদ্য হিসেবে বিতরণ করা হচ্ছে। হিমাগারে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তাপমাত্রা হেরফের হয়েছিল কি না, তা অভিজ্ঞ টেকনিশিয়ান এনে পরীক্ষা করা হবে।
এদিকে বিশাল পরিমাণের এই আলুর মজুদ নষ্ট হওয়ায় স্থানীয় খুচরা বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের এখন অন্যান্য জেলা থেকে বাড়তি পরিবহন খরচ বহন করে আলু আমদানি করতে হচ্ছে। জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার জানান, বিপুল পরিমাণ আলু নষ্ট হওয়ার ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে