মাদারগঞ্জে ছাগল ও ভেড়ার পিপিআর নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে ১৮ দিনব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রান্তিক খামারিদের লোকসান থেকে রক্ষা করতে এবং প্রাণিসম্পদ সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত টানা ১৮ দিন এই টিকাদান কার্যক্রম চলবে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খামারিরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অধীনে উপজেলায় মোট ৪৭ হাজার ৫০০টি ছাগল এবং ১৫ হাজার ২০০টি ভেড়াকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিষেধক দেওয়া হবে। ছাগল ও ভেড়ার জন্য পিপিআর অত্যন্ত মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ, যাতে আক্রান্ত পশুর মৃত্যুর হার প্রায় ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ থেকে শতভাগ সুরক্ষা পাওয়া সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। তিনি বলেন, এই কর্মসূচির সফল বাস্তবায়ন প্রান্তিক খামারিদের আর্থিক ক্ষতি বহুলাংশে কমিয়ে আনবে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এছাড়া স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও খামারিরা সেখানে উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে