টুঙ্গিপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপি-এর সভাপতি এমদাদ হোসেন মোল্লার দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্তের প্রেক্ষিতে তাঁর সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এই স্থগিতাদেশ জারি করা হয়। এরপর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জেলা কমিটি।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদ হোসেন মোল্লাকে টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁর পদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
১১৭ বার পড়া হয়েছে