সালমানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় তাঁর হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতিসংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বলেও উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে করের (টিডিএস) তথ্যও দিতে বলা হয়েছে।
বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে প্রাপ্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।
সম্প্রতি সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল। তবে পরে তিনি বলেন, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ আরও যাঁদের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, তাঁরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।
১১০ বার পড়া হয়েছে