নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আসামি করা হয়েছে। মামলার আসামির তালিকায় তার নাম রয়েছে ৪ নম্বরে।
গ্রেপ্তারকৃত মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় বসবাস করেন।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই মামলার আসামিদের মধ্যে গোলাম মহিউদ্দিন চৌধুরীও ছিলেন।
১২১ বার পড়া হয়েছে