নওগাঁয় বাস-অটোরিকশা ধর্মঘট চতুর্থ দিনে, চরম ভোগান্তিতে যাত্রীরা
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্বে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের যান চলাচল। আকস্মিক এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে গত শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালকেরা এক বাসচালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে পরদিন রোববার সকাল থেকে নওগাঁর সঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
যান চলাচল স্বাভাবিক করতে গত সোমবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাস চালুর সিদ্ধান্ত হলেও পরদিন মঙ্গলবার সকালে বদলগাছী এলাকায় একটি বাসের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে। ফলে দুই ঘণ্টার মাথায় আবারো বন্ধ হয়ে যায় বাস চলাচল।
দীর্ঘ চার দিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বিশেষ করে রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্তের কোনো লিখিত আশ্বাস না পাওয়ায় শ্রমিকদের মাঝে নিরাপত্তার অভাববোধ কাজ করছে। লিখিত নিশ্চয়তা পেলেই যান চলাচল শুরু হবে। অন্যদিকে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, দ্রুত সমাধান ও পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলমান রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে