সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজায় শৃঙ্খলা নিশ্চিতে ২৪ ঘণ্টা মনিটরিং থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে।

আজ বুধবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে মনিটরিং করা হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে।

চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে রয়েছে—তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। এসব তালিকায় সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নামও থাকে। তালিকাগুলো নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে তালিকা করা হয়েছে, বিষয়টি এমন নয়।

তবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পত্রিকায় নিয়মিত এসব অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে গ্রেপ্তারের খবর দেখা যাবে। এ অভিযান অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে।

মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের দায় আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ঘটনায় সরকার বা পুলিশের দায় তখনই আসে, যখন তারা কোনো ব্যবস্থা নেয় না কিংবা পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। ওই ঘটনায় সরকার বা পুলিশের কোনো ব্যর্থতা ছিল না বলে দাবি করেন তিনি।

মিরপুরের ওই ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সেটিকে আমলে নেওয়া হবে না। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০