ময়মনসিংহে হাম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) সামগ্রী হস্তান্তর করেছে সংস্থাটি। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাধীন শিশু ও তাদের অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা হবে।
বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব আইপিসি (Infection Prevention and Control) সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন।
হস্তান্তর করা সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে উন্নত মানের তুলা, ফেস মাস্ক, এক্সামিনেশন গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং লিকুইড হ্যান্ড ওয়াশ। চিকিৎসকদের সুরক্ষার পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের জীবাণুমুক্ত পরিবেশ তৈরিতে এগুলো সহায়তা করবে বলে জানানো হয়।
এর আগেও ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছিল। একই সঙ্গে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেছে সংস্থাটি।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, সদস্য ডা. মোহাম্মদ আলী, ফরিদা ইয়াসমিন পারভিনসহ হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও রেড ক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠান শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় তাঁরা হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং বর্তমান হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
১০৭ বার পড়া হয়েছে