সর্বশেষ

জাতীয়

মিরপুরে উচ্ছেদ অভিযান ফের শুরু, বাধা দিলেই ব্যবস্থা: ডিএনসিসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে নতুন করে অভিযান শুরু হয়। এ সময় পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর মিরপুর-১০ এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। বেলা ১১টার পর সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন। এ সময় পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

এদিকে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া, হামলা ও অরাজকতা সৃষ্টির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবারও মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পরে স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। নগরসেবার জন্য নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি চলমান থাকবে।

অভিযানে বাধা ও হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অরাজকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। বুধবারের ঘটনায় প্রমাণ হয়েছে, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়।

কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।

মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী সিটি করপোরেশন এসব কার্যক্রম পরিচালনা করছে। এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন। একইভাবে বুধবার উচ্ছেদ করা জায়গাতেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকেরা নির্যাতিত হয়েছেন। নগরবাসীর সেবার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং সাংবাদিকদের পাশে রয়েছে। জনগণের কাতার থেকে সাংবাদিকদেরও এই উচ্ছেদ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, অভিযানের জন্য পুলিশ আসার কথা থাকলেও সেখানে একজন পুলিশ সদস্যকেও পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টনের অভিযোগ, হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০