ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় হত্যা মামলার হাজতির মৃত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে তাঁর মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহত ফজল শেখ একটি হত্যা মামলায় ফরিদপুর কারাগারে বন্দী ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে তীব্র নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন নিয়ে অসুস্থ হয়ে পড়েন ফজল শেখ। প্রথমে তাঁকে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ইরিভারসিবল কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট’ এবং ‘কার্ডিওজেনিক শক’-এর কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণীকের ছেলে। ফরিদপুর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১৪, জিআর-৬৭/২৫) তিনি কারাগারে বন্দী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
১১৩ বার পড়া হয়েছে