মাগুরায় সেই ৫শ' কোটি টাকা বিদ্যুত বিলের কি করলেন মন্ত্রী
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল পাওয়ার ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। বিলটিতে এক মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। তবে এর বিপরীতে ডিমান্ড চার্জ হিসেবে উল্লেখ করা হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।
এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ করে তাঁর মোট বিদ্যুৎ বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে তাঁকে যে ভোগান্তির মুখে পড়তে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে আলেয়া খাতুনের প্রকৃত বিল হওয়ার কথা ছিল ১ হাজার ৯৬৩ টাকা। পরে বিলের ভুল সংশোধন করে প্রকৃত বিল নির্ধারণ করা হয় এবং গ্রাহক সেই বিল পরিশোধ করেন।
এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে