ভোলাহাটে কর্মসংস্থানে বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে যুবকদের স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) ব্যবস্থাপনায় সীমান্ত এলাকার ২৫ জন যুবককে নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ। যুবসমাজকে অপরাধ ও চোরাচালান থেকে দূরে রেখে কর্মসংস্থান সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার'-এর অধীনে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন প্রান্তিক যুবক অংশ নিয়েছেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, এই কোর্সে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নির্ণয় এবং আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক এই ক্লাসগুলো পরিচালনা করছেন।
প্রশিক্ষণ উদ্বোধনের সময় ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত এলাকার তরুণদের কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে স্বাবলম্বী করাই তাদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে যুবকেরা চোরাচালান ও সীমান্ত অপরাধের পথ ছেড়ে সুস্থ ও স্বাভাবিক কর্মসংস্থানে ফিরে আসবে।
সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক মানোন্নয়নে বিজিবির এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি অধিনায়ক আশ্বস্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে