কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় পিস্তলটির সঙ্গে ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভারও উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মাটির গর্তের ভেতর থেকে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
১১১ বার পড়া হয়েছে