ডিসেম্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি ও ফ্যাসিস্টরা: স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ফ্যাসিস্টরা। রবিবার মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অভিনথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দলীয় নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের গুরুত্বপূর্ণ নীতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী।
বক্তব্যে তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসররা দিল্লির অট্টালিকায় বসে ডিসেম্বরে ফিরে আসার চক্রান্ত করছে। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে এবং অন্তর্বর্তীকালীন শান্তি বিনষ্ট করতে নানা অপকৌশল অবলম্বন করছে। তবে দেশের জনগণ ও সচেতন রাজনৈতিক শক্তি তা কখনোই সফল হতে দেবে না।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি এগুলোকে 'চোরের রেন্টাল' বলে আখ্যা দিয়ে বলেন, বিগত সরকার কেবল লুটপাটের উদ্দেশ্যে এগুলো তৈরি করেছিল। বর্তমান সরকার জনদুর্ভোগ কমাতে এবং হাসপাতালের সেবা সচল রাখতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার ওপর বিশেষ জোর দিচ্ছে।
দেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, পুরোনো সারের ডিলারদের কারসাজি রুখতে প্রতি ইউনিয়নে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। এতে করে সারের কৃত্রিম সংকট দূর হবে এবং কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাবেন।
এছাড়া, প্রতিবেশী রাষ্ট্রের কয়লা ও বিদ্যুৎ সরবরাহ হ্রাস করার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে দেশের জ্বালানি সংকট স্থায়ীভাবে সমাধানের আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান। পরিশেষে, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।
১২৫ বার পড়া হয়েছে