লালনের পরিবেশ এখনও সাধকের উপযোগী হয়নি: কুষ্টিয়ায় ফরহাদ মাজহার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমিতে অনুষ্ঠিত এক বিশেষ সেমিনারে বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মাজহার মন্তব্য করেছেন যে, লালন শাহের আখড়াবাড়ির পরিবেশ এখনও সাধকদের উপযোগী হয়ে ওঠেনি। মাজার প্রাঙ্গণকে সত্যিকারের সাধনার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সেখানে গাঁজা ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির যৌথ উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন একাডেমির মিলনায়তনে ‘ফকির লালন শাহ: বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মাজহার।
সেমিনারে ফরহাদ মাজহার লালন সাঁইয়ের দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সকলকে লালন আখড়াবাড়িকে একটি পবিত্র আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। লালনের মানবতাবাদী দর্শনকে বিশ্বদুয়ারে সঠিকভাবে তুলে ধরতে মাজার প্রাঙ্গণের পবিত্রতা রক্ষা করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা লালন শাহের জীবন, কর্ম এবং তাঁর বাণীর বিশ্বজনীন আবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান সুস্মিতা চক্রবর্তী, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এবং পুলিশ সফল আমিনুল ইসলাম।
বক্তারা লালনের স্মৃতিবিজড়িত আখড়াবাড়িকে কীভাবে আরও আধ্যাত্মিক ও দর্শনার্থীবান্ধব হিসেবে গড়ে তোলা যায় এবং এর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাব তুলে ধরেন।
১৬৩ বার পড়া হয়েছে