ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত, ব্রহ্মপুত্র নদকে ঘিরে মহাপরিকল্পনা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্রহ্মপুত্র নদসহ জেলার ঐতিহাসিক স্থানগুলোকে পর্যটনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
"ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির সূচনা করা হয়। বেলুন উড়িয়ে এই র্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়া ট্যুরিজম সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা এই আয়োজনে অংশ নেন।
সভায় বক্তারা ময়মনসিংহের পর্যটন খাতের প্রধান আকর্ষণ হিসেবে ব্রহ্মপুত্র নদকে চিহ্নিত করেন। নদের তীরবর্তী জয়নুল আবেদিন পার্ক ও শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি ব্রহ্মপুত্রের অপর পাড়ে আধুনিক পার্ক, ক্রীড়া স্টেডিয়াম এবং আবাসিক এলাকা গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
পর্যটন খাতকে শুধু শহরকেন্দ্রিক না রেখে গ্রামীণ ও ঐতিহাসিক অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড়, মুক্তাগাছা ও গৌরীপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোকে নতুন করে সাজানোর তাগিদ দেওয়া হয়। ভালুকা অঞ্চলকে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে এনে সেখানে শিল্প ও পর্যটনের একটি সমন্বিত মডেল তৈরির কথা বলা হয়।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান তাঁর বক্তব্যে জানান, স্থানীয় ভৌগোলিক ও পারিপার্শ্বিক বাস্তবতা মাথায় রেখে পর্যটন পরিকল্পনা করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের চরগুলোকে কেন্দ্র করে পিকনিক ও বিনোদনের ব্যবস্থা করার ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় ময়মনসিংহ জেলাকে একটি অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
১১৯ বার পড়া হয়েছে