দৌলতপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া এলাকার মৃত দবির মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন কিফাত মোল্লা। মাঠের ভেতরের একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়দের ধারণা, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর বাবা গরু-ছাগলের জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর থেকে ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে থানা-পুলিশ।
১১৭ বার পড়া হয়েছে