সর্বশেষ

জাতীয়

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগকারীদের আস্থা চান প্রধানমন্ত্রী

মো. রহমত আলী রিজভী
মো. রহমত আলী রিজভী

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা ও প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ প্রয়োজন। বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের মধ্যে স্থানীয় সময় শুক্রবার সকালে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে এ প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিষয়ে সরকারের বার্তা স্পষ্ট—দেশটি ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রাজনীতিতে আসার আগে ব্যবসায় কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন যে বিনিয়োগ আকর্ষণে আস্থা, নীতির পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে ১৮ কোটির বেশি মানুষের বসবাস। তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

তৈরি পোশাক ও উৎপাদন খাতে বাংলাদেশের প্রতিষ্ঠিত অবস্থানের পাশাপাশি নতুন আরও কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবা রয়েছে।

সরকারের অর্থনৈতিক লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য।

এই লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নিয়ন্ত্রণব্যবস্থা সরল করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব বাড়ানো এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

বিনিয়োগকারীরা কোনো দেশের ঘোষণার পাশাপাশি বাস্তবে কী ধরনের পরিবর্তন হচ্ছে, সেটিও বিবেচনা করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন কতটা সহজে স্থানান্তর করা যায় এবং মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া কতটা সহজ—এসব বিষয় বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নীতির পাশাপাশি সেই নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা সম্ভব। স্বল্পমেয়াদি লেনদেনের পরিবর্তে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁদের স্বার্থ ও নির্দিষ্ট বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের অর্থনৈতিক লক্ষ্যকে সংক্ষেপে তুলে ধরে তারেক রহমান বলেন, আরও বিনিয়োগ, আরও বাণিজ্য, আরও কর্মসংস্থান, আরও প্রযুক্তি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০