দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়া
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি গত বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থলভাগে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের ওপর এর প্রভাবও ক্রমান্বয়ে কমে আসতে পারে।
তবে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং গভীর সাগরে থাকা সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গভীর নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে যাওয়ার পথে। এটি ইতোমধ্যে স্থলভাগে উঠে এসেছে। ফলে এর শক্তি কমে আসছে।
তিনি বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশালের একাংশ এবং খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে যাওয়ায় এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
৩০৩ বার পড়া হয়েছে