সর্বশেষ

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পর চড়া সবজির বাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে বিভিন্ন সবজির দাম। গত এক সপ্তাহে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম মোটামুটি আগের সপ্তাহের পর্যায়েই রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজারে দামের ওঠানামা চলছে। কোনো কোনো পণ্যের দাম কমলেও কিছুদিন পর আবার তা বেড়ে যাচ্ছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে সবজিসহ বিভিন্ন পণ্যের দামে।

তবে পরিবহন ব্যয় যতটা বেড়েছে, খুচরা পর্যায়ে অনেক পণ্যের দাম তার চেয়ে বেশি বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।

ব্যবসায়ীদের ভাষ্য, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এতে পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ছে এবং সেই বাড়তি ব্যয় খুচরা বাজারেও যুক্ত হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে। লম্বা বেগুন বাজারভেদে কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ধরনের বেগুনের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি।

করলার দাম কিছুদিন আগে কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছিল। এখন মানভেদে তা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা কেজি হয়েছে। এক সপ্তাহ আগেও এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ ছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা পেঁপে আগের মতো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামেও বাজারভেদে ওঠানামা থাকলেও কিছু বাজারে তা আগের দামে বিক্রি হতে দেখা গেছে।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, পরিবহন খরচ বেড়েছে। এ কারণে পাইকারি বাজারেও সবজির দাম বেড়েছে।

মিজান নামের আরেক ব্যবসায়ী বলেন, যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন আসে। আগে প্রায় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে পাইকারেরা বেগুন কিনতেন। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার টাকা। এখন তা বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। ফলে কারওয়ান বাজারে বেগুনের দামও বেড়েছে।

মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারে কথা হয় চাকরিজীবী মিনহাজের সঙ্গে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পণ্যের দামে কিছুটা পড়তে পারে। কিন্তু একবারে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ার বিষয়টি যৌক্তিক নয়। তাঁর অভিযোগ, বাজারে যথেষ্ট নজরদারি না থাকায় অনেকে এই সুযোগে নিজেদের মতো করে দাম বাড়াচ্ছেন।

তবে সব পণ্যের দাম বাড়েনি। ফার্মের মুরগির ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।

এদিকে পাস্তুরিত তরল দুধের দামও বেড়েছে। সম্প্রতি কয়েকটি বেসরকারি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রতি লিটার দুধের দাম সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর আগে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটাও প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বাড়ায়। পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও দাম বাড়িয়েছে।

অন্যদিকে আটা ও ময়দার দামও আগের তুলনায় বেশি। প্রায় দুই সপ্তাহ আগে সরবরাহকারী কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান আটা ও ময়দার দাম বাড়িয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০