সর্বশেষ

সারাদেশ

জামালপুরে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং নিয়ে অবহিতকরণ সভা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নেট মিটারিং ব্যবস্থা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জামালপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন ইপিসি ঠিকাদার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্থানীয় ব্যবসায়ী এবং আগ্রহী গ্রাহকেরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যের পর জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এরপর উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জামালপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নেট মিটারিং বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

উপস্থাপনায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬–২০৩০, নেট মিটারিং ব্যবস্থা, মূলধন ব্যয় ও পরিচালন ব্যয়ের ভিত্তিতে সৌরবিদ্যুৎ স্থাপনের পদ্ধতি, সার্ভিস প্রোভাইডারের যোগ্যতা ও দায়িত্ব, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যায়ন পদ্ধতি, আবেদন ও তালিকাভুক্তি ফি, আবেদন দাখিলের সময়সীমা এবং সৌরবিদ্যুৎ সিস্টেমের কারিগরি ও নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় গ্রাহকের নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা সম্ভব। নেট মিটারিং ব্যবস্থায় দ্বিমুখী মিটারের মাধ্যমে গ্রাহকের গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ এবং গ্রিডে বিদ্যুৎ সরবরাহ—দুই ধরনের বিদ্যুৎ প্রবাহই পরিমাপ করা হয়।

সভায় বিভিন্ন ইপিসি ঠিকাদার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী ও গ্রাহকেরা সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, সৌরবিদ্যুৎ সিস্টেমের সক্ষমতা, নেট মিটারিং, পরিচালন ব্যয় ও মূলধন ব্যয়ভিত্তিক পদ্ধতি, মিটার স্থাপন, কারিগরি নিরাপত্তা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

উত্থাপিত প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা দেন বিউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, জামালপুরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্রাহকের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মানসম্মত সৌর প্যানেল, গ্রিড-সংযুক্ত ইনভার্টার, যথাযথ আর্থিং, বজ্রপাত প্রতিরোধব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা শেষে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি সৌরবিদ্যুৎ সম্প্রসারণ ও নেট মিটারিং কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০