চাঁপাইনবাবগঞ্জে বাথরুমে রাখা পৌনে ২ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তেররশিয়া এলাকায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে প্রায় পৌনে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় এই অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। অভিযানে গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. হানিফ (২০)। তিনি ওই এলাকার মো. রুহুলের ছেলে।
এসআরবি-৫-এর গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে হানিফের বসতবাড়িতে আকস্মিক হানা দেয় বিশেষ এই দল। এরপর একতলা ভবনের নির্মাণাধীন একটি বাথরুমে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ক্যারেটের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া হেরোইন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক চোরাচালান রোধে এবং অপরাধ দমনে এই ধরণের বিশেষ নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
১২৬ বার পড়া হয়েছে