জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার পেল ৮৬ লাখ টাকার চেক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে ২৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং সাধারণ আহতদের চিকিৎসার জন্য ১ থেকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এবার জয়পুরহাটে ২৪টি নির্বাচিত সুবিধাভোগী পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনার যে অপূরণীয় ক্ষতি তা কোনো অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তবে সরকারের এই মানবিক উদ্যোগ ও ট্রাস্ট ফান্ডের সহায়তা বিপন্ন পরিবারগুলোকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে এবং পুনর্বাসনে বিশেষ সহায়তা করবে।
১২০ বার পড়া হয়েছে