চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকা ফেটে চালকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালুবাহী একটি ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আবুল আক্তার (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
নিহত আবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ট্রাক্টরে বালু বোঝাই করে হড়মা ঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন।
পথিমধ্যে হঠাতই বালুবাহী ট্রাক্টরটির সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক আবুল আক্তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
১২০ বার পড়া হয়েছে