নাইক্ষ্যংছড়িতে প্রথমবার আসছেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী প্রথমবারের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সরকারি সফরে আসছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মন্ত্রীকে বরণ করে নিতে নাইক্ষ্যংছড়িজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
সফরসূচি অনুযায়ী, পার্বত্য মন্ত্রী নাইক্ষ্যংছড়ি পৌঁছে প্রথমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেবেন। এরপর উপজেলা কমপ্লেক্স চত্বরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সরকারি কর্মসূচির পাশাপাশি মন্ত্রী স্থানীয় একটি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক ও দলীয় নেতাকর্মীদের সাথেও তাঁর একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বাগত তোরণ, ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন।
সংবর্ধনা আয়োজন কমিটির সভাপতি নুরুল কাশেম এবং সদস্যসচিব সাইফুদ্দিন বাহাদুর জানান, পার্বত্য মন্ত্রী হিসেবে রাজপুত্র সাচিংপ্রু জেরীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকার নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন যৌক্তিক দাবি পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১১৯ বার পড়া হয়েছে