বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকেরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মোয়াজ্জেম হোসেন হিলারী বকশীগঞ্জের একজন পরিচ্ছন্ন সংবাদকর্মী। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কাজ করে আসছেন।
বক্তারা অভিযোগ করেন, আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক হিলারীকে হয়রানি ও নির্যাতনের উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো মামলা করেছেন। তাঁরা অবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কথিত মামলাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি দাগের সম্পত্তি বি আর এস রেকর্ডে নুরুন্নাহার ওরফে কাপাশি বিবির নামে চূড়ান্ত রেকর্ড প্রচার থাকাবস্থায় ১৯৯০ সালের দিকে বকশীগঞ্জ থানায় চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে সাংবাদিক হিলারীর দাদা শ্বশুর হেকমত আলী, শ্বশুর লিয়াকত আলী ও ফুফু শাশুড়িসহ তিনজন ৩৩ শতাংশ জমি কিনে সেখানে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। এরই মধ্যে তাঁর দাদা শ্বশুর ও শ্বশুর মারা যান।
বক্তাদের ভাষ্য, পৌর শহরের গুরুত্বপূর্ণ ওই রাস্তা নির্মাণ করা হলেও খতিয়ানের হোল্ডিং থেকে রাস্তার জন্য জমি কর্তন করা হয়নি। পরে আবুল কাশেম কাশি ওই রাস্তার জমি খারিজ করে নেন বলে অভিযোগ করা হয়। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী ওই সম্পত্তির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তাঁকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শাহীন আল আমিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আশরাফুল হায়দার, কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুল লতিফ লায়ন, সমকালের প্রতিনিধি মাসুদ উল-হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এমদাদুল হক লালন, আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, আজকের পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মনিরুজ্জামান লিমন এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি ইমরান আকন্দসহ আরও অনেকে।
মানববন্ধনে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১১১ বার পড়া হয়েছে