নড়াইলে ৫ দিনব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে পাঠক ও দর্শনার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলায় উদ্বোধনী দিনেই বইপ্রেমীদের ঢল নেমেছে।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধিরা।
আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীসমূহের গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন ও ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের বইয়ের সমাহার ঘটেছে। মেলায় মোট ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন পাঠকেরা।
প্রথম দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের ভিড়ে মেলা জমে উঠেছে। আয়োজকরা জানান, মেলায় প্রায় ১৫ হাজার বইয়ের প্রদর্শনী করা হচ্ছে। তরুণ প্রজন্মের মাঝে সাহিত্য ও বই পড়ার আগ্রহ বাড়াতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে