খুবি শিক্ষার্থী আজমুল হত্যা: অন্যতম আসামি রিফাত গ্রেফতার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে পিরোজপুরের নেছারাবাদ থেকে তাকে গ্রেফতারের পর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাত চুরির অপবাদে আজমুলকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যার এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে। এসআরবি সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রিফাতকে গ্রেফতারের পর এই হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনাডাঙ্গা প্রধান সড়কে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের কারণে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে এসে তাদের সান্ত্বনা দেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় আনতে পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং প্রশাসন এই বিষয়ে সর্বোচ্চ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ইসলামনগর সড়কের একটি চারতলা মেসে ভাত চুরির অপবাদ দিয়ে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুলকে প্রথমে বেদম মারধর করা হয়। পরে তাকে ছাদ থেকে নিচে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে