রাজস্ব আয়ে মোংলা বন্দরের নতুন রেকর্ড, আয় ছাড়াল ৩,৮৭৯ কোটি টাকা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দরটি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকার রেকর্ড রাজস্ব অর্জন করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি। বন্দরের জাহাজ আগমন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধিসহ সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ফলে এই অভূতপূর্ব সাফল্য এসেছে।
মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সাফল্যের বিস্তারিত চিত্র তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বাগেরহাট ও মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই সভায় বন্দরের সাম্প্রতিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। তবে সব রেকর্ড ছাড়িয়ে প্রকৃত আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৪০৮ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা বা ১১.৭৬ শতাংশ বেশি রাজস্ব প্রবৃদ্ধি নির্দেশ করে।
রাজস্ব আয়ের পাশাপাশি বন্দরের অন্যান্য সূচকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই অর্থবছরে মোংলা বন্দরে মোট ৮১৫টি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। এছাড়া ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ১৭ দশমিক ৬৬ শতাংশ বেশি। একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৮ দশমিক ৪৯ শতাংশ বেশি কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যার পরিমাণ ২৯ হাজার ৭১৪ টিইইউজ।
গাড়ি আমদানির ক্ষেত্রেও মোংলা বন্দর তার ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। আলোচিত সময়ে বন্দরটি দিয়ে মোট ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৪৯৬টি বেশি। বন্দর কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ী, শিপিং ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সাথে নিয়মিত মতবিনিময়ের ফলেই এই গতিশীলতা নিশ্চিত হয়েছে।
বর্তমানে মোংলা বন্দরের বার্ষিক সক্ষমতা দাঁড়িয়েছে ১ হাজার ৫০০টি জাহাজ, ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন কার্গো, ১ লাখ টিইইউজ কনটেইনার এবং ২০ হাজার ইউনিট গাড়ি হ্যান্ডলিংয়ে। এই সক্ষমতা আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ভারতীয় এলওসি-৩-এর অর্থায়নে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি নতুন কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ।
এছাড়া পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে জাহাজ ও শিল্পকারখানার বর্জ্য সংগ্রহ এবং তেল নিঃসরণ বন্ধে একটি অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্প্রতি সম্পন্ন হয়েছে। তবে বন্দরের প্রধান চ্যালেঞ্জ হিসেবে এখন ১৪৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলের নাব্যতা ধরে রাখা এবং নিরাপদ ও দূষণমুক্ত নৌপথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
১৫৬ বার পড়া হয়েছে