সর্বশেষ

জাতীয়

জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বেড়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর এক দিনের ব্যবধানেই বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত এসেছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিবহন মালিকদের বৈঠকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।

এর আগে রোববার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর সোমবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেন পরিবহন মালিকেরা। তাঁরা প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দেন।

সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন ওই দিন রাতে বলেছিলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব তাঁরা দিয়েছেন। সেই হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা।

তাঁদের প্রস্তাব অনুযায়ী, আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হওয়ার কথা ছিল।

এএসএম আহমেদ খোকন বলেছিলেন, তাঁদের প্রস্তাব বিআরটিএর কাছে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ সেটি মন্ত্রণালয়ে পাঠাবে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০