সাগরে নিম্নচাপ: পায়রাসহ দেশের সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। গত সোমবার রাত নয়টার দিকে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রূপ ধারণ করেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসহ উপকূলীয় এলাকায় গতকাল রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী জানিয়েছেন, গভীর সাগরে অবস্থানরত জেলেদের নিরাপদে ও সতর্কতার সাথে মাছ ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে