হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রিন্স, আর্থিক সহায়তা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।
গত ২০ সেপ্টেম্বর ভোর রাতে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি ও গোরকপুর গ্রামসহ কয়েকটি এলাকার ওপর দিয়ে তীব্র ঘূর্ণিঝড় বয়ে যায়। এই প্রাকৃতিক দুর্যোগে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হঠাৎ নেমে আসা এই দুর্যোগে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত এসব এলাকা সরেজমিনে পরিদর্শনে যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘরবাড়ি হারানো পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, চরম সংকটের এই মুহূর্তে দুর্গত মানুষের পাশে থাকা সবার মানবিক দায়িত্ব।
পরিদর্শন শেষে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় এমরান সালেহ প্রিন্স প্রতিশ্রুতি দেন যে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পুনর্বাসনে তাদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজীম উদ্দিন, মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্টের ইউএলও হায়দার আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা মোস্তফা কামাল, মঞ্জুরুল হক মঞ্জু, ক্বারী আলমাস উদ্দিন এবং ছাত্রদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে