বান্দরবান ও কক্সবাজারে ৮ দিনের সফরে মন্ত্রী সাচিং প্রু জেরী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি ২১ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা সফর করবেন। আট দিনের এ সফরে তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সার্কিট হাউসে পৌঁছে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করবেন সাচিং প্রু জেরী। বিকেলে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রাতে বান্দরবান সার্কিট হাউসে অবস্থান করবেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজগুরু বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী। পরে বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে রাতে কক্সবাজার সার্কিট হাউসে অবস্থান করবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা হবে।
একই দিন কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ির উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে উপজেলা কমপ্লেক্সে মৎস্য পোনা অবমুক্ত ও বিতরণ, আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে কক্সবাজার ফিরে সার্কিট হাউসে অবস্থান করবেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের সম্মেলনে যোগ দেবেন সাচিং প্রু জেরী। এরপর কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রাতে বান্দরবান সার্কিট হাউসে অবস্থান করবেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পবিত্র বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বান্দরবান সরকারি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করবেন। সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাবের লিফট উদ্বোধন ও প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বাজার শেড উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুরে পোয়ামুহনী গোলা রেইছা রোডে এলজিইডি নির্মিত একটি ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর চট্টগ্রামের উদ্দেশে বান্দরবান পার্বত্য জেলা ত্যাগ করবেন তিনি।
রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করে সেখান থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ৫টার দিকে কমপ্লেক্সে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে তাঁর আট দিনের সফরসূচি শেষ হবে।
সরকারি সফরসূচিতে মন্ত্রীর সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
১২৩ বার পড়া হয়েছে